ক্রীড়া ডেস্ক :
পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে এই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে নিউজিল্যান্ড, ১১ জুলাই থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম তিনটি ম্যাচ গায়ানায়, বাকি দুটি বারবাডোজে। নিউজিল্যান্ড এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার ম্যাথু ফিশার। লিস্ট ‘এ’ ক্রিকেটের ২৫ ম্যাচে ২৬ গড়ে তার শিকার ৪৩ উইকেট। জাতীয় দলের হয়ে এর আগে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছেন তিনি। নিউজিল্যান্ড হেড কোচ রব ওয়াল্টারের ইঙ্গিত অনুযায়ী, ২৬ বছর বয়সি এই ক্রিকেটারের এই সিরিজে ওয়ানডে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জ্যাকব ডাফি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। সম্প্রতি প্রথম সন্তানের জন্ম হওয়ায় কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন।
কাইল জেমিসন, ম্যাট হেনরি এবং উইল ও’রুর্ক ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই সিরিজে খেলবেন না। ব্লেয়ার টিকনার ও ডেভন কনওয়ে ছিটকে গেছেন গেছেন চোটের কারণে। অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে অংশ নেওয়ার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।
দল ঘোষণা করে ব্লাকক্যাপস কোচ বলেছেন, ম্যাথুর জন্য এটি প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়ার দারুণ একটি উপলক্ষ। সে ভালো গতিতে বল করে এবং ইনিংসের বিভিন্ন পর্যায়ে কার্যকরভাবে বোলিং করার জন্য নিজের বৈচিত্র্য নিয়ে কঠোর পরিশ্রম করেছে।’
নিউজিল্যান্ড স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফট, মিচ হে, নিক কেলি, টম লাথাম, জায়দেন লেনক্স, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, বেন সিয়ার্স, নাথান স্মিথ ও উইল ইয়ং।


















