Sunday , 2 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার এক মাস: অধরা আসামিরা, আতঙ্কে পরিবার

প্রতিবেদক
Newsdesk
August 2, 2026 11:32 pm

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় মো. শাহজাহান নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কিশোরগ্যাং লিডার আরিফসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকার আরিফুল ইসলাম (৩১), শংকর দেওয়ানজীরহাটের সিরাজুল ইসলাম লেদু (৫৫), মো. লিটন (৪৮), জাবের (৩০) এবং ভুজপুরের মো. রাজু (৩৮)-সহ অজ্ঞাতপরিচয় আরও ৯–১০ জনকে আসামি করে মামলা করা হয়। তবে ঘটনার প্রায় এক মাস পার হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা সানোয়ারা বেগম চান্দগাঁও থানায় মামলাটি করেন। এজাহারে তিনি জানান, তার ছেলে মো. শাহজাহান কর্মসূত্রে চান্দগাঁওয়ের সিঅ্যান্ডবি টেকবাজারপুল এলাকায় থাকেন। গত ৫ জুলাই রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে হাটহাজারীর কুয়াইশ থেকে নিজ বাসায় ফেরার পথে চান্দগাঁওয়ের শংকর দেওয়ানজীরহাট মসজিদের পাশের পুকুরপাড়ে পৌঁছালে মোহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে কিশোরগ্যাং পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।
​তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আসামিরা দীর্ঘদিন ধরে শাহজাহানের সঙ্গে বিরোধ সৃষ্টি করে তাকে ভয়ভীতি দেখাচ্ছিল। ওই রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এতে তার ডান হাত ও দুই পায়ের রানে গুরুতর জখম হয় এবং লোহার রডের আঘাতে ডান পায়ের হাঁটু ভেঙে যায়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
​ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় শাহজাহানের কাছে থাকা প্রায় ৩০ হাজার টাকা, দুটি মূল্যবান স্মার্টফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
​মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ জানান, আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। তবে তারা গা ঢাকা দেওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
​তবে পুলিশের এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, আসামিরা আত্মগোপনে নেই; বরং এলাকাতেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু তা-ই নয়, এই কিশোরগ্যাং এলাকায় এখনো সক্রিয় থেকে নিয়মিত ছিনতাই, চাঁদা দাবি ও স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছে। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও নতুন হামলার শঙ্কায় ভুগছে।
​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, ঘটনাটি দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি এলাকায় কিশোরগ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার অভিযান দাবি করেছেন তারা।

সর্বশেষ - রাজনীতি