জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি: স্বামীর দ্বিতীয় বিয়ে পারিবারিক কলহের জের ধরে নেত্রকোনায় এক গৃহবধূ ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার আগস্টনসকালে নেত্রকোনা পৌর শহরের জয়নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতের নাম স্বর্ণা আক্তার ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে, যাতে স্বামীর প্রতি অভিমান ও পারিবারিক অশান্তির কথা উল্লেখ রয়েছে।
নিহত স্বর্ণা আক্তার পৌর শহরের দক্ষিণ কাঠলি এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী। তাঁরা উপজেলা কোয়ার্টার সংলগ্ন জয়নগর এলাকায় আব্দুল মতিনের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্বর্ণা আক্তারের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা নেত্রকোনা মডেল থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় স্বর্ণার মরদেহ দেখতে পায়।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, সম্প্রতি নাজমুল হাসান নাহিদ না জানিয়ে অন্যত্র বিয়ে করেছেন—এমন অভিযোগ নিয়ে দাম্পত্য জীবনে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। সেই ক্ষোভ ও মানসিক যন্ত্রণা থেকে স্বর্ণা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


















