Tuesday , 6 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বীরশ্রেষ্ঠ হামিদুরের ‘ভাঙা’ ভাস্কর্যে এবার জুতার মালা : ক্ষোভ-নিন্দা

প্রতিবেদক
Newsdesk
October 6, 2026 10:53 pm

অপরাধচিত্র প্রতিনিধি (ঝিনাইদহ): ঝিনাইদহ শহরের প্রবেশদ্বার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে নির্মিত চত্বর অপসারণ নিয়ে বিতর্কের মধ্যেই এবার সেই ভাস্কর্যে জুতার মালা জড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
৬ অক্টোবর মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে ভাস্কর্যটির গলায় জুতার মালা ঝোলানো অবস্থায় দেখা যায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।
ঘটনাটি জানার পর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান ঘটনাস্থলে গিয়ে জুতার মালা অপসারণ করেছেন বলে জানিয়েছেন।
কামালুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখার পর কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ভাস্কর্যে জুতোর মালা পরানো হয়েছে। পরে সেটি অপসারণ করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহ তথা সারা দেশের গর্ব। মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন দিয়ে তিনি বীরত্বপূর্ণ ইতিহাস রচনা করেছেন। এর আগে তার নামে নির্মিত স্থাপনা ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। আবার আজকের ঘটনাটিও অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যারা এ ধরনের জঘন্য কাজ করেছে, তদন্ত করে দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান বলেন, বারবার এই ভাস্কর্যের ওপরে হামলা হচ্ছে। আমি মনে করি কোনো একটি গোষ্ঠী পূর্ব পরিকল্পিতভাবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যের ওপর হামলা ভাঙচুর এবং সর্বশেষ জুতার মালা পরিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। ওই গোষ্ঠী চাচ্ছে না যে ভাস্কর্যটি ঝিনাইদহে স্থাপন হোক। এরা মুক্তিযুদ্ধের অপশক্তি। দ্রুত তদন্ত করে এদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু বলেন, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দিয়ে অবমাননাকারী মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির সংঘটিত ঘৃণ্য অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর দুদফা হামলা ভাঙচুর করা হয়। বর্তমান সরকারের আমলেও দিনের বেলায় প্রকাশ্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ও চত্বরে বারবার হামলা-ভাঙচুর চালাচ্ছে। মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।
ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাতে কে বা কারা এ ন্যক্কারজনক কাজ করেছে, তা খুঁজে বের করা হবে। এজন্য আমি সকল পক্ষকে নিয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ সুপারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
উল্লেখ্য, ঝিনাইদহ শহরের প্রবেশমুখে নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্য ভাঙার কাজ গত ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত চলছিল। তবে কার নির্দেশে এবং কী কারণে এটি অপসারণ করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি প্রশাসন, পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চত্বরটি ভাঙা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরপর ১৮ জুলাই থেকে ভাঙার কাজ স্থগিত করে জেলা প্রশাসন। এছাড়া সম্প্রতি ওই চত্বরে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ মেরামতের কাজ চলছে’ এমন লেখা দুটি ব্যানার জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে টানিয়ে দেওয়া হয়েছিল।

সর্বশেষ - জেলার খবর