Monday , 12 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুজনিত ঝুঁকি ভাতা ৪ লাখ টাকা, চিকিৎসাসেবায় ৪২০ হাসপাতালের সঙ্গে চুক্তি

প্রতিবেদক
Newsdesk
October 12, 2026 6:33 pm

নিজস্ব প্রতিবেদক :

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে মৃত্যুজনিত ঝুঁকি ভাতা হিসেবে চার লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের সুরক্ষায় এসব উদ্যোগের কথা জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ রাজধানীর উত্তর শাহজাহানপুরে ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ সময় তাদের সুরক্ষাসামগ্রী প্রদান করায় হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতার প্রশংসাও করেন তিনি।

নগর পরিচ্ছন্ন রাখতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মো. আবদুস সালাম বলেন, প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে।

ডিএসসিসির প্রশাসক আরও বলেন, যত্রতত্র বর্জ্য ফেলা থেকে বিরত থাকলে নগরের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও বহুগুণে কমানো সম্ভব হবে।

নাগরিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ সিটি কর্পোরেশনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. আবদুস সালাম আরও বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নিজেদের অভ্যাসে পরিবর্তন আনতে পারলে ঢাকা শহরের চিত্রও দ্রুত বদলে যাবে।

নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করে তুলতে ১১ নম্বর ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরে এসটিএসের সৌন্দর্যবর্ধন কাজ শুরু করেছে ডিএসসিসি। সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এ উদ্যোগের লক্ষ্য সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা বৃদ্ধি।

বর্জ্য স্থানান্তর কেন্দ্রের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার পরিবেশ আরও উন্নত করার পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল হবে বলে আশা করছে সিটি কর্পোরেশন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে— সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন এবং হাই-ভিজিবিলিটি ভেস্ট।

এসব উপকরণ কর্মীদের দায়িত্ব পালনের সময় প্রয়োজনীয় সুরক্ষা দিতে সহায়ক হবে।

ডিএসসিসির উদ্যোগে ইতোমধ্যেই কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ ও বুয়েট-সংলগ্ন পলাশী এলাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত