Saturday , 31 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নেত্রকোনায় পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

প্রতিবেদক
Newsdesk
October 31, 2026 4:21 pm

আহত ৩,জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাতে সালেঙ্গা গ্রামের জামাল মিয়ার সঙ্গে প্রতিবেশী হক্কা মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় চার-পাঁচ মাস আগে জামাল মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে হক্কা মিয়ার ছেলের প্রেমের সম্পর্কের জেরে তারা পালিয়ে যান। এ ঘটনায় জামাল মিয়া অপহরণের মামলা করলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এরপর থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

সম্প্রতি জামাল মিয়ার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ তোলেন হক্কা মিয়া ও তাঁর পক্ষের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় এ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করেন। তবে রাত ৯টার দিকে জামাল মিয়া, চান মিয়া, রিয়াজ উদ্দিন, শাহিদ মিয়াসহ তাঁদের পক্ষের কয়েকজন হক্কা মিয়া ও তাঁর লোকজনের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া টেঁটা সাদ্দাম হোসেনের বুকে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া হক্কা মিয়ার চাচাতো ভাই দূরবীন মিয়া (৩৬), আজহার উদ্দিন (২২) ও হাদিস মিয়া আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

আহত দূরবীন মিয়া অভিযোগ করেন, জামাল মিয়া ও তাঁর পক্ষের লোকজন মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব কাজে বাধা দেওয়ায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। প্রতিপক্ষের টেঁটার আঘাতে তাঁর চাচাতো ভাই সাদ্দাম নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

অন্যদিকে, ঘটনার পর থেকে জামাল মিয়া ও তাঁর পক্ষের লোকজন পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাঁদের বক্তব্য জানা গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ছেলে-মেয়েসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার রাতের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দাফন শেষে মামলা করার কথা জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত