Monday , 9 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ১৭ সেবায় ভোগান্তির ফাঁদ!

প্রতিবেদক
Newsdesk
November 9, 2026 1:54 pm

দলিল আটকে অর্থ আদায়, কমিশন রেজিস্ট্রেশন ও নকল উত্তোলনেও বাড়তি টাকা দাবির অভিযোগ; সাব-রেজিস্ট্রার সালাহউদ্দিন ও অফিস সহকারী অর্চনা বড়ুয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জমির দলিল নিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। দলিলের সামান্য বানান ভুল, খতিয়ানের তথ্যের অসংগতি, মামলার অজুহাত, নকল উত্তোলন, বণ্টননামা, হেবা ও কমিশন দলিল নিবন্ধন—প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সেবাকে ঘিরে ঘুষ দাবির অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার সালাহউদ্দিন এবং কার্যালয়ের অফিস সহকারী অর্চনা বড়ুয়া। অভিযোগ রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দলিল নিবন্ধন আটকে রেখে পরে অর্থের বিনিময়ে একই দলিল নিবন্ধনের ব্যবস্থা করা হয়। আবার নির্ধারিত সরকারি ফি পরিশোধের পরও দলিলপ্রতি অতিরিক্ত টাকা দিতে হয় বলে দাবি করেছেন একাধিক সেবাগ্রহীতা ও দলিল লেখক।

১০ হাজার টাকা দেওয়ার পর জমি নিবন্ধনের অভিযোগ

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পরিবেশবাদী ও প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম শাহিনের এক আত্মীয়ের জমি কেনার ঘটনা ঘিরে নতুন করে আলোচনায় এসেছে চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সেবা কার্যক্রম।

অভিযোগ অনুযায়ী, জমি নিবন্ধনের জন্য কার্যালয়ে গেলে জমিদাতার খতিয়ানে নাল জমির পরিবর্তে বাড়ির দাগসংক্রান্ত তথ্য থাকায় নিবন্ধন প্রক্রিয়া আটকে দেওয়া হয়। পরে ওই ত্রুটির বিষয়টি নিষ্পত্তির নামে জমিদাতার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার পর দলিল নিবন্ধন সম্পন্ন করা হয় বলে অভিযোগ উঠেছে।

সামান্য তথ্যগত অসংগতির কারণে নিবন্ধন আটকে দেওয়া এবং পরে অর্থের বিনিময়ে একই দলিল নিবন্ধনের অভিযোগ প্রশাসনিক স্বচ্ছতা ও সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে।

১৭ ধরনের সেবায় হয়রানির অভিযোগ

এই কার্যালয়ের অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ নিয়ে গত দুই মাস ধরে অনুসন্ধান চালানো হয়েছে। অনুসন্ধানে সচেতন মহল, সাংবাদিক, জনপ্রতিনিধি, দলিল লেখক, কার্যালয়ের কর্মচারী ও স্থানীয় ভুক্তভোগীসহ অন্তত ৩০ জনের সঙ্গে কথা বলা হয়েছে।

তাদের বক্তব্য অনুযায়ী, দলিল যাচাই-বাছাই, নকল উত্তোলন, জাল দলিল ও খতিয়ানসংক্রান্ত বিষয়, দলিল নিবন্ধন অনুমোদনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সেবাগ্রহীতাদের নানা জটিলতায় পড়তে হয়।

দলিলের দাতা-গ্রহীতার নামের সামান্য বানান ভুল, নামের সঙ্গে ‘প্রকাশ’ বা ‘ওরফে’ শব্দ যুক্ত থাকা, সম্পত্তির বিবরণে ছোটখাটো অসংগতি কিংবা অন্যান্য প্রশাসনিক কারণ দেখিয়ে দলিল আটকে রাখার অভিযোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রত্যয়নপত্র দিয়ে নিবন্ধন না করার কথা জানানো হলেও পরবর্তী সময়ে অর্থের বিনিময়ে একই দলিল নিবন্ধন করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

দলিলপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা, কমিশন দলিলে ৫০ হাজার পর্যন্ত দাবির অভিযোগ

ভুক্তভোগীদের অভিযোগ, পৌর এলাকার মধ্যে প্রতিটি দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকারি ফির বাইরে ৫০০ টাকা এবং পৌর এলাকার বাইরে ১ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হয়।

কমিশনের মাধ্যমে দলিল নিবন্ধনের ক্ষেত্রেও নির্ধারিত নিয়মের বাইরে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ রয়েছে। চট্টগ্রামে কমিশন দলিল নিবন্ধনের ক্ষেত্রে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন দলিল লেখক ও সেবাগ্রহীতা।

অফিস সহকারী অর্চনা বড়ুয়ার বিরুদ্ধেও কমিশন দলিলের কাজে ১০ হাজার টাকার কম গ্রহণ না করা এবং টাকা নিয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন কয়েকজন। অভিযোগ রয়েছে, কমিশনের কাজে গেলে তাঁর যাতায়াতের জন্য আলাদা গাড়ির ব্যবস্থাও করতে হয়।

মামলার অজুহাতে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ

একাধিক ভুক্তভোগীর অভিযোগ, কোনো খতিয়ানে কার্যকর নিষেধাজ্ঞা না থাকলেও সংশ্লিষ্ট জমির বিরুদ্ধে মামলা রয়েছে—এমন অজুহাতে দলিল নিবন্ধন আটকে রাখা হয়। পরে বিষয়টি নিষ্পত্তির নামে দলিলপ্রতি ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়।

বিলম্বিত উপস্থিতি ও ‘লেইট ফি’ আদায়ের অভিযোগ

অফিসের নির্ধারিত সময় সকাল ১০টা হলেও সাব-রেজিস্ট্রার সালাহউদ্দিন নিয়মিত সময়মতো কার্যালয়ে উপস্থিত হন না বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতা ও দলিল লেখকদের একাংশ।

তাদের দাবি, তিনি প্রায়ই দুপুর ১২টার দিকে অফিসে আসেন এবং এজলাসে বসেন দুপুর ২টার পর। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় সেবাগ্রহীতাদের। অভিযোগ রয়েছে, দুপুর আড়াইটার পর দলিল নিবন্ধনের ক্ষেত্রে অফিস সহকারী অর্চনা বড়ুয়া দলিলপ্রতি ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করেন।

তবে এ ধরনের অর্থ আদায়ের কোনো সরকারি বিধান রয়েছে কি না, তা সংশ্লিষ্ট দপ্তরের কাছে ব্যাখ্যা চাইলে কোন উত্তর দিতে রাজি হয়নী তার।

পাওয়ার অব অ্যাটর্নি, হেবা ও বণ্টননামা দলিলেও বাড়তি অর্থের অভিযোগ

পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে জমি বিক্রির ক্ষেত্রে দলিলের মূল্যের ৫ শতাংশ পর্যন্ত নগদ অর্থ কার্যালয়ে দিতে হয় বলে অভিযোগ উঠেছে। হেবা দলিলের ক্ষেত্রে দলিলপ্রতি অতিরিক্ত ২ হাজার টাকা এবং জমির প্রতি শতকে ২০০ টাকা আদায়ের অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া কক্সবাজার জেলা রেজিস্ট্রারের নামে দলিলপ্রতি ৪০০ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। যদিও জেলা রেজিস্ট্রারের নামে অর্থ আদায়ের বিষয়ে কোনো লিখিত নির্দেশনা বা সরকারি হিসাব পাওয়া যায়নি বলে অনুসন্ধানে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

বণ্টননামা দলিল নিবন্ধনের ক্ষেত্রেও সাব-রেজিস্ট্রারের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ ও সমঝোতা না করলে কাজ হয় না বলে অভিযোগ করেছেন কয়েকজন দলিল লেখক। তাদের দাবি, এ ধরনের দলিল নিবন্ধনের ক্ষেত্রেও অতিরিক্ত অর্থের চাপ সৃষ্টি করা হয়।

দলিল লেখকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, অফিসে উত্তেজনা

সম্প্রতি দলিল লেখক সমিতির সাবেক সভাপতি সাইফুল আজম একটি দলিল নিবন্ধন করতে গিয়ে অফিস সহকারী ও সাব-রেজিস্ট্রারের সঙ্গে ঘুষের অর্থ নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে একাধিক ব্যক্তি জানিয়েছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, কথাকাটাকাটির একপর্যায়ে কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত সেবাগ্রহীতা ও কর্মচারীরা বিব্রতকর অবস্থায় পড়েন। পরে বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে আলোচনা শুরু হয়।

অভিযোগ রয়েছে, ঘটনাটির পর দলিল লেখকের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক আইনগত ব্যবস্থা না নিয়ে বিষয়টি আপসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তবে ঘটনার প্রকৃত কারণ ও উভয় পক্ষের বক্তব্য ঘুষ লেনদেনের বিষয়টি সামনে আসে।

কর্মস্থলে অবস্থান না করে চট্টগ্রামে বসবাসের অভিযোগ

একাধিক দলিল লেখকের অভিযোগ, সাব-রেজিস্ট্রার সালাহউদ্দিন সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে নিয়মিত সব দিন কার্যালয়ে উপস্থিত থাকেন না। বিশেষ করে রবিবার ও বৃহস্পতিবার তাঁর অনুপস্থিতির অভিযোগ রয়েছে। তাঁকে নিজ কর্মস্থল চকরিয়ায় না থেকে প্রায় ৯৮ কিলোমিটার দূরে চট্টগ্রামে বসবাস করে সপ্তাহে তিন দিন অফিস করতে দেখা যায় বলে দাবি করেছেন তাঁরা।

সরকারি কর্মকর্তার কর্মস্থলে অবস্থান, উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

দলিল পুড়িয়ে ফেলার ঘটনাতেও প্রশ্ন উঠেছিল

চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় নিয়ে এর আগে আরও একটি ঘটনা আলোচনায় আসে। ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত দাবিদারবিহীন হিসেবে চিহ্নিত প্রায় ৩ হাজার ২০০টি দলিল পুড়িয়ে ফেলার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ সময় সাব-রেজিস্ট্রার সালাহউদ্দিনের উপস্থিতির কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

দলিলগুলো কী প্রক্রিয়ায় দাবিদারবিহীন হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যথাযথ অনুমোদন নেওয়া হয়েছিল কি না এবং ডিজিটাল বা অন্য নিরাপদ পদ্ধতিতে সংরক্ষণের সুযোগ থাকা সত্ত্বেও কেন পুড়িয়ে ফেলা হলো—এসব প্রশ্নও আলোচনায় আসে।

এ ঘটনায় একজন দলিলগ্রহীতা মোহাম্মদ আলম সংবাদ সম্মেলন করে নিজের দলিলের বিষয়ে অভিযোগ তোলেন বলে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়। তবে দলিল পোড়ানোর ঘটনা এবং বর্তমান ঘুষ আদায়ের অভিযোগ রয়েছে।

রাজস্ব আদায় ও সেবার হিসাব প্রকাশের দাবি

দলিল লেখক ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ১১ মাসে চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বিপুলসংখ্যক দলিল নিবন্ধন হয়েছে। এসব দলিল থেকে সরকার কত টাকা রাজস্ব পেয়েছে, কত টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে এবং প্রতিদিন গড়ে কতটি দলিল নিবন্ধন হয়েছে—তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে নিবন্ধন অধিদপ্তর ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের মাধ্যমে দলিল নিবন্ধনের সংখ্যা, সরকারি রাজস্ব, ফি আদায় এবং কর্মচারীদের দায়িত্বসংক্রান্ত নথি যাচায়ের জন্য যোগা যোগ করা হলে কোন সারা পাওয়া যায়নী।

কর্তৃপক্ষের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী অর্চনা বড়ুয়া বলেন, জেলা সাবরেজিস্ট্রারের অনুমতি ছারা বক্তব্য দেওয়া যাবেনা বলে যানায় তবে ঘুষ লেনদেনের অভিযোগ তো আপনার বিরুদ্ধে বক্তব্য তো আপনি দিবেন একথা বলাতে ফোনের সংযোগ কেটে দেয়। সাব–রেজিস্ট্রার সালাহউদ্দিন বলেন, জেলা অফিসে গিয়ে বক্তব্য নিন।

 

কক্সবাজার জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রেজাউল করিম বকী অভিযোগের বিষয়ে বলেন, “অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার দাবি

সাব-রেজিস্ট্রার কার্যালয় জমির মালিকানা হস্তান্তর ও নাগরিকের সম্পত্তির অধিকার সংরক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেখানে সেবা নিতে গিয়ে যদি সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ দিতে হয়, দলিল আটকে রেখে হয়রানি করা হয় কিংবা সরকারি ফির বাইরে অর্থ আদায় করা হয়, তাহলে তা শুধু দুর্নীতির অভিযোগ নয়, নাগরিকের মৌলিক সেবা পাওয়ার অধিকার নিয়েও প্রশ্ন তোলে।

তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সরকারি ফি-সংক্রান্ত তালিকা প্রকাশ, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই, দলিল নিবন্ধনের প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

সর্বশেষ - জেলার খবর