Wednesday , 11 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

তিতাসে শিক্ষার্থীদের সংবর্ধনায় বিতর্কিত টিকটকারকে অতিথি করায় সমালোচনার ঝড়।

প্রতিবেদক
Newsdesk
November 11, 2026 5:28 pm

মোঃ রকিবুল ইসলাম রিপন স্ট্যাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাস উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিতর্কিত টিকটকার প্রিন্স মামুন ও তাঁর স্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে সমালোচনা ও নিন্দার ঝড়। কোমলমতি শিক্ষার্থীদের এমন একজন বিতর্কিত ব্যক্তির সামনে উপস্থাপন করায় আয়োজকদের দায়িত্ববোধ ও অতিথি নির্বাচনের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪৫ নম্বর বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবাসীদের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টিকটকার প্রিন্স মামুনকে বিশেষ অতিথি হিসেবে মঞ্চের প্রথম সারিতে বসানো হয় বলে অভিযোগ রয়েছে। এমনকি অনুষ্ঠানের মঞ্চে বসেই তাঁকে টিকটক ভিডিও ধারণ করতে দেখা গেছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু সরকার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তবে অনুষ্ঠানটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় সমালোচনা। নেটিজেনদের প্রশ্ন, কোমলমতি শিক্ষার্থীদের সামনে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে অতিথি হিসেবে উপস্থাপন করে আয়োজকেরা কী বার্তা দিতে চেয়েছেন?

তাঁদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠান কেবল আনন্দ-উৎসব কিংবা পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা নয়; বরং এটি শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার, মূল্যবোধ ও আদর্শ গঠনেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিক্ষার্থীরা অতিথিদের ব্যক্তিত্ব, আচরণ ও কর্মকাণ্ড থেকে অনুপ্রেরণা গ্রহণ করে। তাই এ ধরনের অনুষ্ঠানে অতিথি নির্বাচনের ক্ষেত্রে সামাজিক গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত ভাবমূর্তি ও দায়িত্বশীলতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

এ বিষয়ে মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল বলেন, “আমাকে অনুষ্ঠানে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল। সেখানে গিয়ে দেখি বিতর্কিত টিকটকার মামুন বসে আছেন। বিষয়টি দেখে আমি অস্বস্তিবোধ করি। তাই পুরস্কার বিতরণের আগেই অনুষ্ঠানস্থল থেকে বাসায় চলে আসি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন মোল্লা বলেন, “এলাকার প্রবাসীরা অনুষ্ঠানটির আয়োজন করেছেন। সৌদি প্রবাসী মোখলেছুর রহমান, দুবাই প্রবাসী সাদেক হোসেন ও সিঙ্গাপুর প্রবাসী আক্তার হোসেন এ আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা আমাকে জানিয়েছিলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। এর বাইরে অনুষ্ঠান সম্পর্কে আমি বিস্তারিত কিছু জানি না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঙ্গাপুর প্রবাসী আক্তার হোসেন। মঙ্গলবার সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি বিকেল ৫টায় শেষ হয়।
এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি আক্তার হোসেন বলেন, “আমার পূর্বপুরুষেরা এই বিদ্যালয়ের জমিদাতা হিসেবে দাতা সদস্য ছিলেন। তাঁদের ধারাবাহিকতায় আমিও বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে আসছি। তবে বিতর্কিত মামুনকে আমরা চিনি না এবং তাঁকে কোনো আমন্ত্রণও জানাইনি।

তিনি কার আমন্ত্রণে কিংবা কার মাধ্যমে এখানে এসেছেন,সেটি সংশ্লিষ্ট ব্যক্তিরাই বলতে পারবেন।”
সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি আয়োজনেই শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নৈতিক শিক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।

আনন্দ আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে কেমন মানুষকে আদর্শ হিসেবে তুলে ধরা হচ্ছে, সে বিষয়েও আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত।

সর্বশেষ - জেলার খবর