নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু খেলা টিকিয়ে রাখতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘মির্জা রুহুল আমিন স্মৃতি হাডুডু টুর্নামেন্ট-২০২৬’।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সদর উপজেলার ৩নং জগন্নাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীর আয়োজনে এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এক জমজমাট অনুষ্ঠানে বিজয়ী ও রানার আপ দলের মাঝে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। টানটান উত্তেজনাকর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ১০,০০০ টাকা এবং রানার আপ দল ৬,০০০ টাকা প্রাইজমানি অর্জন করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে,বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং ৩নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন সরকার প্রমুখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো আয়োজনটি মুখরিত ও প্রাণবন্ত হয়ে ওঠে।


















