মিজানুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন বন্ধু গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে নগরকান্দার রসুলপুর বাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ পূর্ব তালমা এলাকার ইমরান লস্করের ছেলে।
জানা গেছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের বাড়ি শাকপালদিয়া এলাকায় বলে জানা গেছে। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আব্দুল্লাহর অকাল মৃত্যুতে তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে বিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়েছে।
এ ঘটনায় অভিভাবকদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে। একটি দুর্ঘটনা মুহূর্তেই একটি পরিবারের সারাজীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে।


















