উখিয়ায় দালাল সিন্ডিকেটের কবলে বৃদ্ধের জমির খতিয়ান, দুই বছরেও কাজ হয়নি | টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের চেষ্টার অভিযোগ
উখিয়া ( কক্সবাজার) প্রতিনিধি : বয়স ৭৫ বছর। শরীরের ভারে নুয়ে পড়েছেন। হাতে লাঠি নিয়ে চলাফেরা করেন। এই বয়সে নিজের জমির একটি সৃজিত খতিয়ানের জন্য উখিয়া ভূমি অফিসে গিয়ে পড়েন দালালের খপ্পরে। খতিয়ান করে দেওয়ার আশ্বাসে তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে ৮০ হাজার টাকা। কিন্তু দুই বছরেও মেলেনি সেই খতিয়ান। উল্টো টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের চেষ্টার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন বৃদ্ধ।
ভুক্তভোগী এখলাচুর রহমান উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী গ্রামের বাসিন্দা। তিনি মৃত জালাল আহমদের ছেলে। তাঁর অভিযোগ, প্রায় দুই বছর আগে সৃজিত খতিয়ান করতে উখিয়া ভূমি অফিসে গেলে আনোয়ার নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়।
আনোয়ার নিজেকে ভূমি অফিসের লোক পরিচয় দিয়ে কম খরচে দ্রুত খতিয়ান করে দেওয়ার আশ্বাস দেন। পরে তাঁকে ভূমি অফিসের পেছনে উখিয়া বাজার সড়কের একটি কম্পিউটার দোকানে নিয়ে যান।
অভিযোগ অনুযায়ী, খতিয়ান করে দেওয়ার জন্য প্রথমে দেড় লাখ টাকা দাবি করেন আনোয়ার। দরদাম শেষে ৮০ হাজার টাকায় চুক্তি হয়। প্রথম কিস্তিতে ১৫ হাজার, দ্বিতীয় কিস্তিতে ৫০ হাজার টাকাসহ বিভিন্ন সময়ে পুরো টাকা পরিশোধ করেন বৃদ্ধ। এরপর শুরু হয় আজ-কাল করে ঘোরানোর পালা। দুই বছর পার হলেও খতিয়ান বুঝে পাননি তিনি।
এখানেই শেষ নয়, আনোয়ারের সঙ্গে সরাসরি কথা বললে তিনি দাবি করেন, প্রতিটি খতিয়ানের জন্য তাঁর নির্ধারিত মূল্য ৮০ হাজার টাকা, এর বেশিও নিয়ে থাকেন। ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর নিয়ন্ত্রণে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ‘আমার খতিয়ান করার রেইট ৮০ হাজার টাকা, এর বেশিও নিয়ে থাকি। সবকিছু আমার নিয়ন্ত্রণে। তাই উপরিমহলে কিছু বললেও কাজ হবে না।’
আনোয়ারের এমন বক্তব্যে উখিয়া ভূমি অফিসের ভেতরে-বাইরে দালাল সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একজন বহিরাগত ব্যক্তি কীভাবে সরকারি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ন্ত্রণের দাবি করেন? তাঁর এই দাবির পেছনে কারও যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, উখিয়া ভূমি অফিসের পেছনের মার্কেটের মুন্সি ভেন্ডর ও কম্পিউটার দোকানগুলোকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সক্রিয়। চুক্তির মাধ্যমে এসব দোকান থেকে খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা-সংক্রান্ত কাজ করানো হয়। অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বহিরাগত দালালদের যোগসাজশের অভিযোগও রয়েছে। ফলে সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ অনেক সময় এসব মধ্যস্থতাকারীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
এ বিষয়ে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘দালালদের ব্যাপারে আমরা সবসময় কঠোর। ভূমি অফিসে দালালদের কোনো ঠাঁই নেই।’
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ভূমি অফিসের আশপাশে দালালদের পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একজন ৭৫ বছরের বৃদ্ধের কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, দুই বছরেও খতিয়ান না পাওয়া এবং টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের চেষ্টার ঘটনা সরকারি ভূমিসেবার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। আনোয়ারের কথিত নিয়ন্ত্রণের দাবির সত্যতা এবং এর সঙ্গে ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।


















