তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে ময়মনসিংহ নগরীতে প্রতারণার অভিযোগে একটি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জেলা পুলিশ সুপার মোঃ কামরুল হাসান এর দিকনির্দেশনায় ডিবির ওসি মাহবুবুল হক এর নেতৃত্বো নগরীর ৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণা মূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। পরে এ বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ কামরুল হাসান।

প্রেস ব্রিফিং থেকে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অনলাইন (হানিট্র্যাপ) ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণা মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং ভিডিও কলে কথা বলার আগ্রহ তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার উত্তর লক্ষীন্দর গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ মনির হোসেন (২৩), বরিশালের মুলাদী থানার চরকালেখান গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার বালুকজান গ্রামের মোঃ রফিজ উদ্দিনের ছেলে মোঃ তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইল থানার লক্ষীন্দর গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ জিল্লুর রহমান জনি (২৭), একই গ্রামের মোঃ রশিদ মিয়ার ছেলে মোঃ মজনু (২৬), ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার বাদিহাটি গ্রামের নীলু মন্ডলের ছেলে মোঃ নাঈম মন্ডল (২৪) এবং ফুলপুর থানার শ্রীপুর গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ রাকিব (২০)। অভিযানকালে গ্রেফতারদের হেফাজত থেকে অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব ডিভাইসের মাধ্যমে চক্রটির কর্মকাণ্ড সম্পর্কে আরও তথ্য সংগ্রহের সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডিবি পুলিশের প্রাথমিক তথ্য বলছে, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে চক্রটির প্রতারণার ধরন, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য ভুক্তভোগীদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ধরনের ঘটনা অনলাইন যোগাযোগ ও পরিচয়ের ক্ষেত্রে সচেতনতার গুরুত্ব আবারও সামনে এনেছে। অপরিচিত ব্যক্তি বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচিত কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য, ছবি, আর্থিক তথ্য কিংবা অর্থ লেনদেনের বিষয়ে সতর্ক থাকা জরুরি। কোনো ধরনের সন্দেহজনক প্রলোভন বা প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
















