অপরাধচিত্র ডেস্ক:ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ২৪ নভেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী
মুখপাত্রের দেওয়া বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। সেই যুক্তি তুলে ধরে এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণার ঘটনা এটিই প্রথম। এর আগে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য ভ্রমণসংক্রান্ত নথির জন্য আবেদন করার বিষয়টিও আলোচনায় আসে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান ভিন্ন। রয়টার্সকে দেওয়া বক্তব্যে এক বাংলাদেশি মন্ত্রী জানিয়েছিলেন, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া তাঁকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিমান পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
এদিকে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া দেশে ফিরতে দেওয়া হবে না। তাঁর ভাষায়, বাস্তবতা ও আকাঙ্ক্ষাকে আলাদা করে দেখতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই সময়ের সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, সরকারের প্রত্যর্পণসংক্রান্ত অবস্থান এবং রাজনৈতিক পরিস্থিতি—সব মিলিয়ে বিষয়টি নতুন করে জাতীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স, বিডিনিউজ২৪ ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম।


















