Wednesday , 13 May 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রিকশাচালক রিপন হত্যায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীরকে

প্রতিবেদক
Newsdesk
May 13, 2026 6:56 pm

নিজস্ব প্রতিবেদক : 

সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপন হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে।

বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে জাহাংগীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিপন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত ১১ মে এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন জাহাংগীর আলমকে গ্রেপ্তারের আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য রাখেন।

বুধবার শুনানিকালে জাহাংগীর আলমকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আক্রমণ করে এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। আসামিদের ছোড়া গুলি রিপনের শরীরে লাগে। তাকে উদ্ধার করে লোকজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট রিপন মারা যান।

এরপর ২৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার।

 

 

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি