স্পোর্টস ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে কন্ডিশন নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
৯ অক্টোবর শুরু হওয়া একমাত্র টেস্টের উইকেটকে ভালো উল্লেখ করে সিমন্স জানিয়েছেন, আফগানদের একাধিক স্পিনার সামলানোর প্রস্তুতিও নিয়েছে দল।
তবে জাপান থেকে আসা ক্রিকেটারদের আরব আমিরাতেন গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাই আপাতত কোচের কাছে বড় চ্যালেঞ্জ।
ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, উইকেটে কিছুটা ধীরগতি থাকতে পারে। সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছে দল।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় সিমন্স বলেন, ‘উইকেট দেখেছি।
উইকেট ভালো মনে হচ্ছে। কিছুটা ধীর হতে পারে, তবে ভালো উইকেটই মনে হচ্ছে।
আমরা ভালো উইকেটের জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি, বেশ কয়েকজন স্পিনারের বিপক্ষে খেলতে হবে। সেসব বিষয় মাথায় রেখেই প্রস্তুতি হয়েছে। ছেলেরা ভালোভাবে কাজ করেছে। এখন আমরা ম্যাচের অপেক্ষায় আছি।’
এদিকে এশিয়ান গেমসে জাপানের বিপক্ষে ম্যাচ খেলে ফেরা ক্রিকেটারদের নিয়ে আলাদা করে ভাবছেন সিমন্স। বাংলাদেশে ফিরে মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছেন তারা। জাপানের তুলনায় আবুদাবির গরম ও আর্দ্র আবহাওয়ায় দ্রুত মানিয়ে নেওয়াটাই তাই বড় পরীক্ষা।
সিমন্স বলেন, ‘এটাই এখন একমাত্র বিষয়। যারা জাপান থেকে এসেছে, সেখানে খুব বেশি কিছু না করে সরাসরি এই আবহাওয়ায় এসে দুই দিন কাটাতে হচ্ছে। শেষ পর্যন্ত বিষয়টি মানসিকও। কীভাবে তারা মানিয়ে নেয়, সেটাই গুরুত্বপূর্ণ। তবে আজ (গতকাল) তাদের ভালোই মনে হয়েছে। এই গরমে প্রথম দিন হিসেবে তারা ভালো করেছে। আমি নিশ্চিত, তারা ঠিকভাবে মানিয়ে নিতে পারবে।’


















