এম এ মতিন মাসুম, কুমিল্লা ব্যুরো।
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আদম আলী।
উল্লেখ্য, কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুর এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনাও আলোচনায় আসে। এর কয়েক দিনের মধ্যেই মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার হলেন।
তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় পরবর্তী সময়ে আরও কী তথ্য উঠে আসে, তা এখন দেখার বিষয়।


















