Tuesday , 17 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজারে ধোঁয়াপালং রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, বন উজাড়, গাছ পাচার ও ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
November 17, 2026 10:13 pm

বনের রক্ষক যখন ভক্ষক!

অপরাধচিত্র প্রতিবেদক: কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন ধোঁয়াপালং রেঞ্জে সংরক্ষিত বনাঞ্চল উজাড় মূল্যবান গাছ কেটে পাচার বনভূমি দখল পাহাড় কেটে স্থাপনা নির্মাণ এবং সামাজিক বনায়নের অর্থ আত্মসাতের নানা অভিযোগ উঠেছে। এসব অনিয়মের সঙ্গে খোদ বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ধোঁয়াপালং রেঞ্জের ডেপুটি রেঞ্জার বেলাল হোসেনের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা কাঠ ব্যবসায়ী ওবন বিভাগের একাধিক কর্মী

অভিযোগকারীদের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকেই ধোঁয়াপালং রেঞ্জের বিভিন্ন এলাকায় বনজ সম্পদ ধ্বংসের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং বনভূমি দখল, গাছ পাচার, অবৈধ করাতকল পরিচালনা এবং সামাজিক বনায়নের গাছ বিক্রিকে কেন্দ্র করে একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে। এ চক্রকে সহযোগিতা করে রেঞ্জ কর্মকর্তা বেলাল হোসেন আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

নিলামের গাছের আড়ালে অন্য বাগানের গাছ কাটার অভিযোগ

অনুসন্ধানে উঠে এসেছে, ধোঁয়াপালং রেঞ্জের সামাজিক বনায়নের নিলামকৃত গাছ কাটার সুযোগ কাজে লাগিয়ে আশপাশের অন্যান্য বাগান ও সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, নিলামের নির্ধারিত শর্ত ও বিধিমালা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে এসব গাছ কাটার সুযোগ তৈরি করা হয়েছে।

এমনকি কিছু গাছে বন বিভাগের নির্ধারিত সিল না থাকা এবং একই ক্রমিক নম্বর ব্যবহার করে একাধিক গাছ চিহ্নিত করার অভিযোগও রয়েছে। এসব অনিয়মের মাধ্যমে নিলামের আওতার বাইরের গাছও কেটে নেওয়া হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অবৈধ করাতকল থেকে মাসোহারা আদায়ের অভিযোগ

ধোঁয়াপালং রেঞ্জের আওতাধীন রাজারকুল এলাকায় পাঁচ থেকে ছয়টি অবৈধ করাতকল বা স’মিল পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব করাতকলে বন বিভাগের অনুমোদনবিহীন কাঠ এবং রাতের আঁধারে পাচার করা কাঠ চেরাই করা হয়।

অভিযোগ রয়েছে, করাতকল মালিকদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে এসব অবৈধ কার্যক্রম চলার সুযোগ করে দেওয়া হচ্ছে। স্থানীয় দালালদের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রজাতির গাছ বিক্রিতে উৎসাহিত করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ফলে একদিকে বনজ সম্পদ কমছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

সামাজিক বনায়নের ৯২ লট নিয়ে ১০ হাজার টাকা করে অতিরিক্ত আদায়ের অভিযোগ

খুনিয়াপালংয়ের গাইনপাড়া এলাকার ৪০ হেক্টর সামাজিক বনায়নের ৯২টি লটের গাছ নিলামকে কেন্দ্র করে নতুন করে অনিয়মের অভিযোগ উঠেছে।

ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি নিলামমূল্যের বাইরে প্রতিটি লটের বিপরীতে অতিরিক্ত ১০ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। এ অর্থ আদায়ের সঙ্গে রেঞ্জ কর্মকর্তা বেলাল হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ব্যবসায়ী।

অন্যদিকে, নিলামের অর্থ যথাসময়ে সরকারি কোষাগারে জমা না দেওয়ার কারণে সামাজিক বনায়নের উপকারভোগীরা তাঁদের প্রাপ্য লভ্যাংশ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট উপকারভোগীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের দাবি, নিলামের পুরো প্রক্রিয়া এবং অর্থ জমা দেওয়ার হিসাব প্রকাশ্যে আনা হোক।

মরিচ্যায় চেকপোস্ট বসিয়ে ডাম্পার থেকে টাকা আদায়ের অভিযোগ

ধোঁয়াপালং রেঞ্জের মরিচ্যা এলাকায় অবৈধভাবে চেকপোস্ট বসিয়ে রাতে বিভিন্ন যানবাহন থামিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে রেঞ্জ কর্মকর্তা বেলালের বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, বালু ও কাঠ পরিবহনে ব্যবহৃত ডাম্পারসহ বিভিন্ন যানবাহন আটকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা পরিশোধ করলে জব্দের ভয় দেখিয়ে পরে গাড়ি ছেড়ে দেওয়া হয়। আর টাকা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি আটক রাখার অভিযোগ রয়েছে।

তবে ওই চেকপোস্টের বৈধতা, যানবাহন আটকের নথি এবং অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

বনভূমি দখল, পাহাড় কেটে পাকা স্থাপনা নির্মাণ

ধোঁয়াপালং রেঞ্জের বিভিন্ন এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে বসতবাড়ি ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, বনভূমি দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে কোনো কোনো ক্ষেত্রে স্থাপনা নির্মাণের সুযোগ করে দেওয়া হচ্ছে।

এ ছাড়া ধোঁয়াপালংয়ের তোয়াঙ্গাকাটা এবং খুনিয়াপালংয়ের জহিরাকাটা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ রয়েছে, বনাঞ্চলের ভেতরে গাছ ও পাহাড় কাটার ফলে পাচারকারীরা সহজে কাঠ ও অন্যান্য বনজ সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। অথচ সংরক্ষিত বনাঞ্চল রক্ষা এবং বনজ সম্পদ সংরক্ষণের দায়িত্ব বন বিভাগের।

কাঠ পাচারের সিন্ডিকেট পরিচালনার অভিযোগ, নীরব বনকর্মীরা

নাম প্রকাশ না করার শর্তে বন বিভাগের একাধিক কর্মী দাবি করেছেন, রেঞ্জের বিভিন্ন পয়েন্ট থেকে প্রতিদিন ট্রাক, পিকআপ ও টমটমসহ বিভিন্ন যানবাহনে কাঠ পরিবহনের সুযোগ তৈরি করা হচ্ছে। এসব পরিবহনের বিনিময়ে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগও করেছেন তাঁরা।

তাঁদের দাবি, শুধু বনাঞ্চলের গাছ কাটার ঘটনাই নয়, কাঠ পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের কার্যক্রমও তদন্তের আওতায় আনা প্রয়োজন। প্রতিদিন কী পরিমাণ কাঠ বনাঞ্চল থেকে বের হচ্ছে, কোন কোন যানবাহনে পরিবহন করা হচ্ছে এবং এসব ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।

কী বলছেন অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তা?

এসব অভিযোগের বিষয়ে ধোঁয়াপালং রেঞ্জের ডেপুটি রেঞ্জার বেলাল হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, বালু উত্তোলন ও পাহাড় কাটার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সম্প্রতি পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলাও করেছেন বলে জানান তিনি।

তবে সামাজিক বনায়নের নিলাম, প্রতি লটে অতিরিক্ত ১০ হাজার টাকা আদায়, অবৈধ করাতকল থেকে মাসোহারা গ্রহণ, কাঠ পাচার এবং মরিচ্যায় চেকপোস্ট বসিয়ে অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ঊর্ধ্বতন বন কর্তৃপক্ষের তদন্ত দাবি

বনাঞ্চল রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং বনজ সম্পদ সংরক্ষণ বন বিভাগের অন্যতম প্রধান দায়িত্ব। অথচ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধেই যখন বন উজাড়, কাঠ পাচার, ঘুষ গ্রহণ ও অনিয়মের মতো গুরুতর অভিযোগ ওঠে, তখন বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই।

স্থানীয়দের দাবি, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এবং বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন দ্রুত ধোঁয়াপালং রেঞ্জের কার্যক্রম তদন্ত করেন। বিশেষ করে সামাজিক বনায়নের ৯২টি লটের নিলামসংক্রান্ত নথি, সরকারি কোষাগারে অর্থ জমার হিসাব, গাছের নম্বর ও বন বিভাগের সিল, অবৈধ করাতকলের তালিকা এবং কাঠ পরিবহনের রেকর্ড যাচাই করা হলে অভিযোগগুলোর সত্যতা নির্ণয় করা সম্ভব হবে।

বন রক্ষার দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের বিরুদ্ধেই যদি বন ধ্বংসের অভিযোগ ওঠে, তাহলে সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করবে কে—এ প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

ভারতে দূষিত পানি পানে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই শতাধিক

স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলি-ইটপাটকেল নিক্ষেপ, আহত ১০

শেখ হাসিনার ঘনিষ্ঠ ধনকুবেররা ১৭ বিলিয়ন ডলার পাচার করেছে: গভর্নর

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে: ইসি রাশেদা

আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন, এর মধ্যেই সংস্কার করতে হবে : প্রধান উপদেষ্টা

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

সংবিধান পুনর্লিখন নয়, সংশোধন করা প্রয়োজন: সেমিনারে বক্তারা

বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল