৫-৬ জন আহত, হাসপাতালে চিকিৎসাধীন; ইকবালকে প্রধান আসামি করে থানায় মামলা
এম এ মতিন মাসুম, কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেওয়া স্থানীয় যুবক ও মাদকবিরোধী কমিটির সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ ৫-৬ জন আহত হয়েছেন। আহতদের সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সময় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বকশিমূল ইউনিয়নের খরেরা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইকবাল হোসেনকে প্রধান আসামি করে ৭-৮ জনের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, খরেরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজি জসিম উদ্দিনের ঘোষিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে খরেরা মাদকবিরোধী কমিটি গঠন করেন। এরপর এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেন তাঁরা।
এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে খরেরা পূর্বপাড়া এলাকায় রিফাতের দোকানের সামনে স্থানীয় আলিমের ছেলে সোহেলকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করার দাবি করেন মাদকবিরোধী কমিটির সদস্যরা।
তাঁদের অভিযোগ, এ ঘটনার পর ইকবাল হোসেনের নেতৃত্বে শহীদ, কবির, হৃদয় ও রুবেলসহ কয়েকজন লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে মাদকবিরোধী প্রতিরোধকারীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ ৫-৬ জন আহত হন। পরে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইকবাল হোসেন। তাঁর দাবি, মাদকবিরোধী কার্যক্রমের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই; বরং ব্যক্তিগত জায়গা-সম্পত্তি ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। তাঁকে পরিকল্পিতভাবে এ ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ইকবাল আরও অভিযোগ করেন, মাদক কারবারিদের সহযোগিতা করার অভিযোগ তুলে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ সময় তাঁর স্ত্রী ও ভাতিজির গায়েও হাত তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মাদকবিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে এমন হামলা, পাল্টাপাল্টি অভিযোগ এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনায় খরেরা এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।


















