লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর, গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউটিউবার ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার গোপালগঞ্জ সদর প্রতিনিধি তপন পোদ্দারসহ কয়েকজনের বিরুদ্ধে। গত ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে গোপালগঞ্জ শহরের কেন্দ্রীয় কালীবাড়ির পাশে প্রধান ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
শৈলেন্দ্রনাথ মজুমদারের অভিযোগ, ঘটনার দিন তপন পোদ্দারসহ কয়েকজন ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁরা তাঁর শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে পাশের একটি বস স্টুডিওর ভেতরে নিয়ে যান। সেখানে তাঁকে এলোপাতাড়ি মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, মারধরের একপর্যায়ে অভিযুক্তরা তাঁর গলা চেপে ধরেন। এতে তিনি শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। তিনি জানান, আগে থেকেই অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত হওয়ায় এ সময় তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। একপর্যায়ে নিজেকে চরম বিপদের মুখে দেখতে পান তিনি।
প্রাণভিক্ষা চেয়ে অভিযুক্তের পা ধরেন সাংবাদিক!
শৈলেন্দ্রনাথের বর্ণনায়, মারধরের সময় শ্বাসকষ্ট বেড়ে গেলে তিনি প্রথমে পানি চান। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, নিজের জীবন বাঁচাতে অভিযুক্তদের কাছে প্রাণভিক্ষা চাইতে বাধ্য হন। এমনকি তিনি তপন পোদ্দারের পা ধরে ক্ষমা প্রার্থনাও করেন বলে অভিযোগ করেন।
তিনি বলেন, তাঁর দুটি মেয়ে রয়েছে। তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করেই ওই মুহূর্তে তিনি নিজের জীবন রক্ষার আকুতি জানান।
শৈলেন্দ্রনাথ মজুমদার জানান, তপন পোদ্দারকে তিনি আগে থেকেই চেনেন। তবে তাঁর সঙ্গে থাকা অন্য ব্যক্তিদের পরিচয় তাঁর জানা নেই। তাঁর দাবি, অভিযুক্তরা গোপালগঞ্জ সদর এলাকার বাসিন্দা।
একজন সাংবাদিকের সঙ্গে এমন আচরণের অভিযোগ স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। তবে ঘটনার প্রকৃত কারণ, অভিযুক্তদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।উল্লেখ্য, এ ঘটনায় উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত তপন পোদ্দার ও তাঁর সহযোগীদের একাদিক বার ফোন করেও বক্তব্য পাওয়া যায়নি।


















