আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব, টেকনাফ:কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার জলসীমায় ঢুকে মাছ আহরণ করার সময় আরাকান আর্মির গুলিতে মুহাম্মদ ইদ্রিস নামে এক জেলে আহত হয়েছেন।
আহত মুহাম্মদ ইদ্রিস টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
জেলে ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন পূর্ব দিকে নাফ নদীর মিয়ানমার জলসীমায় কয়েকজন জেলে মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের মাছ ধরা থেকে বিরত থাকার জন্য ধাওয়া দেয় বলে দাবি করা হয়েছে।
পরে জেলেরা সেখান থেকে চলে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে আরাকান আর্মির সদস্যরা গুলি ছোড়ে।
এ সময় একটি গুলি মুহাম্মদ ইদ্রিসের ডান পায়ের হাঁটুর অংশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর সঙ্গে থাকা জেলেরা তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ১ নম্বর সুইচ গেট জেলে সমিতির সভাপতি জহিদ বলেন, ‘বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ শিকারের সময় আরাকান আর্মি জেলেদের ধাওয়া দেয়। পরে সেখান থেকে চলে আসার সময় তারা গুলি ছোড়ে। এতে ইদ্রিসের ডান পায়ে গুলি লাগে।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ‘নাফ নদীতে মাছ শিকারের সময় আরাকান আর্মির গুলিতে একজন জেলের পায়ে গুলি লাগার বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তবর্তী জলসীমায় বাংলাদেশি জেলেদের ওপর গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তবর্তী নদীতে মাছ ধরার সময় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


















