মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইফুল ইসলাম লিমন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাতে দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মির্জাগঞ্জ থানার পিএসআই অনুপ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে থানার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে অভিযান পরিচালনা করছিল। এ সময় দেউলী এলাকার নান্নু মীর মার্কেট (বটতলা)–এর পূর্ব পাশে মীরা বাড়ি সংলগ্ন নির্মাণাধীন পাকা সড়কের ওপর সন্দেহজনকভাবে অবস্থান করা সাইফুল ইসলাম লিমনকে আটক করা হয়।
পরে তার হেফাজত তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। উদ্ধার করা ইয়াবা জব্দ করে তাকে থানায় নেওয়া হয়।
আটক সাইফুল ইসলাম লিমন দেউলী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. মাজহারুল ইসলাম ওরফে লিটনের ছেলে।
এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। থানার এফআইআর নং-৩ এবং জিআর নং-১৩৯, উভয়ের তারিখ ৭ অক্টোবর ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















