আবদুল্লাহ আল মামুন—- সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার গৃহবধূ ইনা পারভীন চন্দনা (৩৫) গুমের মামলার প্রধান আসামি তার স্বামী রবিউল ইসলাম রবি ওরফে ভেন্ডার রবিকে আটক করেছে পুলিশ।
শনিবার ৫ সেপ্টেম্বর সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। গুমের শিকার গৃহবধু চন্দনা রবিউল ইসলাম রবির দ্বিতীয় স্ত্রী ও তালার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের কন্যা।
উল্লেখ্য, গত ১৪ জুন তারিখে সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ চন্দনা। চন্দনার স্বজনদের দাবি তাকে স্বামী রবিউল ইসলাম রবি গুম করেছে।
এবিষয়ে গুম হওয়া গৃহবধূর পিতা মহিউদ্দীন শেখ ওই সময় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। পরবর্তীতে ভেন্ডার রবিকে প্রধান ও আরও কয়েক জনকে আসামি করে সাতক্ষীরা আদালতে অভিযোগ দায়ের করেন চন্দনার পিতা।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর রহমান জানান আদালতের নির্দেশে গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি আলোচিত রবিউল ইসলাম রবিকে আটক করাহয়। পরবর্তীতে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে চন্দনা গুমের সাথে তার স্বামী রবিউল ইসলাম রবি জড়িত কিনা সেটা জানা যাবে।

















