আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে বিয়ের উদ্দেশ্যে স্থানীয় এক বাংলাদেশি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন আমর্ড পুলিশ ব্যাটালিয়ন রবিবার ২৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আইনি ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত কিশোরীকে তার বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, জাদিমুড়া ক্যাম্পের বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে স্থানীয় জাদিমুড়া এলাকার এক যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বিয়ের উদ্দেশ্যে ওই যুবক তার এক সহযোগীকে নিয়ে কিশোরীকে স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়।
বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবারের সদস্যরা ক্যাম্প-২৭-এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সিআইসি কার্যালয় থেকে বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পকে জানানো হয়। অভিযোগের ভিত্তিতে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে স্থানীয় একটি বসতঘর থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ বিষয়ে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডল জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

















