Wednesday , 7 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নিষেধাজ্ঞার আগ-মুহূর্তে ইলিশের বাজার সরগরম, দাম বেড়েছে ৫০০ টাকা

প্রতিবেদক
Newsdesk
October 7, 2026 7:47 pm

চাঁদপুর প্রতিনিধি : 

মাত্র কয়েক ঘণ্টা পর চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ সময় ইলিশ মাছ বিপণন, পরিবহন, বিক্রি বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞা শুরুর আগের মুহূর্তে চাঁদপুরে ইলিশ বেচাকেনার হাটবাজার সরগরম রয়েছে। ক্রেতাদের চাহিদা কাজে লাগিয়ে আকারভেদে ইলিশের দাম কেজি প্রতি ৪০০-৫০০ টাকা করে বেড়েছে।

বুধবার (৭ অক্টোবর) দিনব্যাপি চাঁদপুর শহরের বড়স্টেশন মাছঘাট, হরিণা মাছঘাট, আনন্দ বাজার, লালপুর বাজার ঘুরে ইলিশের দাম বৃদ্ধির খবর নজরে আসে।

মতলব বাজারে মাছ কিনতে আসা ছানাউল্লাহ বলেন, মধ্যরাত থেকে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হবে। তাই এখন সাগর থেকে সব নৌকা ঘাটে এসেছে। এ কারণে ইলিশের দাম অনেক বেড়ে গেছে।

ক্রেতা জাইমা আক্তার বলেন, ইলিশের দাম স্বর্ণের দামের মতো হয়ে গেছে। ভরা মৌসুমেও দাম কমছে না। ইচ্ছে থাকলেও ইলিশ কিনে খেতে পারেন না। বাজারে ২০০ গ্রাম ওজনের ছোট আকারের ইলিশ চারটি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি ২২০০ থেকে ২৫০০ টাকায় এবং এক কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ৩৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দু-একদিনের আগের তুলনায় আকারভেদে ইলিশের দাম প্রতিকেজিতে ৪০০-৫০০ টাকা করে বেড়েছে।

চাঁদপুর বড়স্টেশনের মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, শেষ মুহূর্তে ক্রেতাদের চাপ সামলাতে হচ্ছে। বড় ইলিশের দাম একটু বেশি হলেও আকারভেদে দাম কম-বেশি রয়েছে।

এ চাঁদপুর জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নিষেধাজ্ঞা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রতিবছর নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীসংলগ্ন খালের মুখ বন্ধ করার পাশাপাশি অভয়াশ্রম এলাকায় ৫টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন বলেন, নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নৌপুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নদীর গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে নামলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, নিষেধাজ্ঞার পুরো সময়ে নদীতে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। মৎস্য বিভাগের পাশাপাশি কোস্টগার্ড, নৌপুলিশ ও নৌবাহিনী নদীতে অভিযান পরিচালনা করবে। নদীতে নজরদারি বাড়ানো হবে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করলে কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড এবং জেলে কার্ড বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে ঋণের কিস্তি পরিশোধের চাপে না পড়েন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সর্বশেষ - জেলার খবর