আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শরীফকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
রোববার (৮ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মধ্যম হ্নীলা এলাকার নয়াপাড়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মো. শরীফ মধ্যম হ্নীলা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকবুল আহমদের ছেলে। এসআরবি-১৫ জানায়, প্রায় ছয় বছর আগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


















