মিজানুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের মারধর করে একটি ভিডিও ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে নগরকান্দা উপজেলার আশফরদী বাজার চৌরাস্তা মোড়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগের তথ্য সংগ্রহ করতে যান নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক দৈনিক সরেজমিন বার্তার নগরকান্দা প্রতিনিধি গোলাম মোস্তফা মিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রিপোর্টার্স ক্লাবের সদস্য ও দৈনিক গণসংহতির নগরকান্দা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম শেখ।
অভিযোগে বলা হয়, খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের ১৫ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগ পেয়ে তাঁরা ভিডিও ধারণ করছিলেন। এ সময় অভিযুক্ত লিয়াকত আলী সরদার ওরফে টিটু (৫০) এবং মনির সরদারসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

হামলাকারীরা লোহার রড ও কাঠের বাটাম দিয়ে তাঁদের মারধর করেন। একপর্যায়ে লিয়াকত আলী সরদার তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাল বিতরণের অনিয়মের ভিডিও ধারণ করতে নিষেধ করেন। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর মাথা লক্ষ্য করে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর বাম হাতের কবজিতে গুরুতর জখম হয়। পরে তিনি মাটিতে পড়ে গেলে অন্য অভিযুক্ত মনির সরদার কাঠের বাটাম দিয়ে তাঁকে মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় সহকর্মী সাংবাদিক নজরুল ইসলাম শেখ তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সাংবাদিক নজরুলের কাছ থেকে একটি সনি হ্যান্ডিক্যাম ভিডিও ক্যামেরা, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা এবং গোলাম মোস্তফা মিয়ার প্যান্টের পকেটে থাকা নগদ ৩৫ হাজার ৮০০ টাকা নিয়ে যান।
এ ছাড়া অভিযুক্তরা ঘটনাটি কাউকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে সহকর্মীরা আহত গোলাম মোস্তফা মিয়াকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন। কিছুটা সুস্থ হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া অভিযোগের সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনিয়ে নেওয়া ক্যামেরা ও টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, ” সাংবাদিক তথ্য সংগ্রহ কালে মারপিট করার একটা অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


















