মিজানুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৩ নম্বর কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মাস গ্রুপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে তাঁর ছবি সংবলিত ব্যানার দেখা গেছে। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাঁদের কাছে দোয়া ও সমর্থন চাইছেন।
নিজের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনি। তাঁর প্রত্যাশা, এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখবেন।
সাইফুর রহমানের সঙ্গে নির্বাচনী ভাবনা ও পরিকল্পনা নিয়ে কথা হয় প্রতিবেদকের সাথে
অপরাধচিত্র:চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত কেন নিলেন?
সাইফুর রহমান: কোদালিয়া শহীদনগর ইউনিয়নের মানুষের প্রতি আমার আলাদা ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে। দীর্ঘদিন ধরে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের সেবা করার ইচ্ছা থেকেই এবার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
অপরাধচিত্র: নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন?
সাইফুর রহমান: ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেব। বিশেষ করে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করব।
অপরাধচিত্র: সাধারণ মানুষের জন্য আপনার বিশেষ পরিকল্পনা কী?
সাইফুর রহমান: অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। সরকারি সুযোগ-সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীরা পান, তা নিশ্চিত করার চেষ্টা করব। ইউনিয়ন পরিষদকে মানুষের হয়রানিমুক্ত সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।
অপরাধচিত্র: নির্বাচনে জয়ী হলে জনপ্রতিনিধি হিসেবে আপনার ভূমিকা কেমন হবে?
সাইফুর রহমান: আমি চেয়ারম্যান নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। দল-মত নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ ও ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করব। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিচালনা করতে চাই।
অপরাধচিত্র: ইউনিয়নবাসীর কাছে আপনার প্রত্যাশা কী?
সাইফুর রহমান: আমি কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে নির্বাচনে অংশগ্রহণ করে ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই।
শেষ কথা:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে কোদালিয়া শহীদনগর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাইফুর রহমানের প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তাঁর অবস্থান কেমন হয়, তা নির্ধারিত হবে ভোটারদের সমর্থন ও নির্বাচনী পরিস্থিতির মধ্য দিয়ে।


















