অপরাধচিত্র প্রতিবেদক: স্থানীয় সরকার ল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পে গত ১৭ বছরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মন্ত্রণালয়ের গঠিত অনুসন্ধান কমিটির প্রতিবেদনে ৬৬টি খাতে প্রায় ২৮ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য উঠে এসেছে। এসব অভিযোগের নথি দুর্নীতি দমন কমিশনে দুদক পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। অভিযোগগুলো যাচাই বাছাই ও অনুসন্ধান শেষে দায়ীদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি বিবেচনায় নিতে পারে দুদক
মন্ত্রণালয়ের অনুসন্ধানী প্রতিবেদনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সিটি করপোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৬৬টি খাতে মোট ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকার গুরুতর অনিয়মের অভিযোগ চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও মো. তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে।
১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
প্রতিবেদন অনুযায়ী, সাবেক যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম, ঘুষ গ্রহণ ও অর্থপাচারের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে দুদক তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথি ও লেনদেনের তথ্য যাচাই প্রয়োজন।
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকার অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ পাওয়া গেছে। মন্ত্রণালয়ের অনুসন্ধানী প্রতিবেদনে তার বিরুদ্ধে প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার অনিয়মের তথ্য উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সিটি করপোরেশনের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঙ্গে যোগসাজশে ৬৫৬ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও তদন্তের ফলাফল গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাকসিম এ খানের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার অভিযোগ
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের দীর্ঘ ১৫ বছরের দায়িত্ব পালনকালেও বিভিন্ন প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রায় ৫ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়টি বিভিন্ন নথি ও দুদকের অনুসন্ধানে গুরুত্ব পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে মন্ত্রণালয়ের অনুসন্ধান কমিটি তার বিরুদ্ধে অভিযোগ-সংশ্লিষ্ট সব নথি সংগ্রহ করতে পারেনি বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
তাপসের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা রয়েছে।
এ ছাড়া সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, নিয়োগ বাণিজ্য এবং মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণে অনিয়মের অভিযোগও সামনে এসেছে।
আতিকুল ইসলামের বিরুদ্ধে রাজস্ব ক্ষতির অভিযোগ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের দায়িত্ব পালনকালে নির্মাণসামগ্রীর ল্যাব পরীক্ষার প্রতিবেদন পাওয়ার আগেই ৪৩ কোটি ২৮ লাখ টাকার বিল পরিশোধের অভিযোগ রয়েছে।
এ ছাড়া উৎসে ভ্যাট আদায় না করা, দোকান ও মোবাইল টাওয়ার ভাড়া এবং যানবাহন নিবন্ধন ও অগ্রিম আয়করসংক্রান্ত অনিয়মের কারণে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য প্রতিবেদনে উঠে এসেছে। এসব খাতে মোট ক্ষতির অঙ্কও পৃথকভাবে উল্লেখ করা হয়েছে।
সাবেক দুই মন্ত্রীর সম্পদ নিয়ে প্রশ্ন
সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২৮ কোটি ৪ লাখ ১০ হাজার টাকা এবং সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামের বিরুদ্ধে ১৪৭ কোটি ৫৫ লাখ ১৯ হাজার ৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পিরোজপুর এলজিইডিতে ১ হাজার ৬৪৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ
রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর জেলা কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের বিরুদ্ধে ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।
অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০-২১ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত পিরোজপুর এলজিইডির ১৭টি প্রকল্পে বরাদ্দ ছিল ৩ হাজার ১৭৬ কোটি ৫৮ লাখ টাকা। এর বিপরীতে কাজ সম্পন্ন হয়েছে ১ হাজার ৫২৯ কোটি ১০ লাখ টাকার। অবশিষ্ট ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকার কাজ না করেই অর্থ উত্তোলন এবং ৩৭০টি সরকারি নথি গায়েবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের যোগসাজশের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঢাকা জেলা পরিষদের ভবন নির্মাণেও আর্থিক অসঙ্গতির অভিযোগ
ঢাকা জেলা পরিষদের ২০ তলা ভবন নির্মাণ প্রকল্প নিয়েও আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তমা কনস্ট্রাকশনকে কাজ দেওয়ার ক্ষেত্রে সেলামি বাবদ মাত্র ৯ কোটি ২৪ লাখ টাকা আদায় হলেও রাজস্ব তহবিল থেকে ঠিকাদারকে ৫৩ কোটি ৫৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এ লেনদেনের যৌক্তিকতা ও আর্থিক হিসাব নিয়েও প্রশ্ন তুলেছে অনুসন্ধান কমিটি।
যেসব কৌশলে হয়েছে অনিয়ম
মন্ত্রণালয়ের অনুসন্ধানী প্রতিবেদনে অনিয়মের বিভিন্ন পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একই সড়কের জন্য একাধিকবার প্রকল্প গ্রহণ, অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে অর্থ উত্তোলন, কাজ সম্পন্ন না করেই ঠিকাদারকে শতভাগ বিল পরিশোধ, নকশা অনুযায়ী সড়ক ও ভবন নির্মাণ না করা এবং সিটি করপোরেশনের মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম।
এ ছাড়া অডিট আপত্তি এড়াতে সরকারি গুরুত্বপূর্ণ নথি গায়েব করার অভিযোগও রয়েছে। এসব অনিয়মের ফলে সরকারি অর্থের অপচয় ও রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতির বিষয়টি অনুসন্ধান প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে।
দুদকের বক্তব্য কী?
মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযোগগুলোর অধিকতর তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি দুদকে পাঠানো হয়েছে। এখন বিষয়টি দুদকের প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
অন্যদিকে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আবেদন বা নথি দুদকে এসেছে কি না, তা যাচাই করতে হবে। আবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট কমিটি তা পর্যালোচনা করবে। অভিযোগ আমলযোগ্য অপরাধের পর্যায়ে পড়লে কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ এবং প্রতিবেদন ও মামলার সুপারিশের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
দুর্নীতি বন্ধে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মোহাম্মদ খান মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে দুর্নীতি কমবে বলে মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পরও দুর্নীতির চিত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।
অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাবেক নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের মতে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে ওঠা অনিয়মের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত আর্থিক ক্ষতি নির্ধারণ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। একই সঙ্গে প্রকল্প অনুমোদন, ক্রয়প্রক্রিয়া, বাস্তবায়ন ও তদারকিতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
সব মিলিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৬৬টি খাতের অনিয়মের অভিযোগ এখন দুর্নীতি দমন কমিশনের যাচাই-বাছাইয়ের অপেক্ষায়। অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়, সেটিই এখন দেখার বিষয়।


















