Thursday , 19 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে অসুস্থ সেই বন্যহাতির শরীরে গুলির ৮ ক্ষতচিহ্ন

প্রতিবেদক
Newsdesk
November 19, 2026 6:47 am

জাফর আলম, কক্সবাজার ব্যুরো:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন শিলখালী রেঞ্জের পাহাড়ি এলাকায় অসুস্থ হয়ে পড়ে ছিল হাতিটি। খবর পেয়ে টানা তিন দিন অভিযান চালিয়ে বুধবার (১৮ নভেম্বর) হাতিটির অবস্থান শনাক্ত করে বন বিভাগ। পরে ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দলের সহায়তায় দেওয়া হয় প্রয়োজনীয় চিকিৎসা।শরীরের বিভিন্ন স্থানে আটটি গুলির চিহ্ন। সবচেয়ে গুরুতর আঘাত পেছনের ডান পায়ে।

সেই পায়ে ভর দিয়ে হাঁটতেও পারছিল না ৩০ থেকে ৩৫ বছর বয়সী বন্য হাতিটি। চিকিৎসার পর হাতিটিকে নিরাপদ আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে পায়ের জয়েন্টের ভেতরে গুলি রয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, হাতিটি পুরোপুরি সুস্থ নাও হতে পারে।

বনবিভাগ জানায়, গত তিন দিন ধরে শিলখালী রেঞ্জের আওতাধীন এলাকায় অসুস্থ হাতিটিকে লোকালয়ে দেখা যাচ্ছিল। হাতিটির অসুস্থতার খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান বন কর্মকর্তারা। এরপর শুরু হয় হাতিটির অবস্থান শনাক্তের চেষ্টা। দুর্গম পাহাড়ি এলাকা ও হাতিটিকে চিকিৎসা দেওয়ার জটিলতার কারণে অভিযানটি সহজ ছিল না।

শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার প্রায় আট ঘণ্টা অভিযান চালিয়েও হাতিটিকে শনাক্ত করা গেলেও দুর্গম পাহাড়ি পরিবেশের কারণে সেদিন চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি। বুধবার ভোর পাঁচটা থেকে আবারও অভিযান শুরু করেন বন বিভাগের সদস্যরা। প্রায় চার কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে বেলা ১২টার দিকে হাতিটির অবস্থান শনাক্ত করা হয়।

হাতিটির অবস্থান শনাক্তের পর ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছায়। দুপুরে হাতিটিকে অবশ করার ওষুধ প্রয়োগ করা হয়। এরপর প্রায় এক ঘণ্টা ধরে চলে চিকিৎসা কার্যক্রম।

তিনি আরও বলেন, চিকিৎসা শেষে হাতিটির জ্ঞান ফেরানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এ সময় হাতিটির আরেকটি পুরুষ সঙ্গী পাশের পাহাড়ে অবস্থান করছিল। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বন বিভাগের সদস্যরা দুটি দলে ভাগ হয়ে সতর্ক অবস্থানে ছিলেন।

চিকিৎসা শেষে সবাই নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন।হাতিটির শরীর পরীক্ষা করে বিভিন্ন স্থানে আটটি গুলির চিহ্ন পাওয়া গেছে। নাকের নিচে, কানের পাশে ও শরীরের অন্যান্য স্থানে গুলির আঘাত রয়েছে। তবে সবচেয়ে গুরুতর দুটি আঘাত পেছনের ডান পায়ের হাড় ও জয়েন্টে। এতে হাতিটি খুঁড়িয়ে হাঁটছিল এবং আক্রান্ত পায়ে ভর দিতে পারছিল না।ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজ বলেন, হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

পুরো শরীর পরীক্ষা করে একাধিক ক্ষত পাওয়া গেছে। এর মধ্যে দুটি ক্ষত প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি গভীর। দুটি ক্ষতই পেছনের ডান পায়ের টার্সাল জয়েন্টে। ক্ষতস্থানগুলো পরিষ্কার করে ড্রেসিংসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি বলেন, হাতিটির পায়ের জয়েন্টের ভেতরে গুলি রয়ে গেছে। সেখান থেকে গুলি বের করা অত্যন্ত জটিল।

আঘাতের কারণে হাতিটি আক্রান্ত পায়ে ভর দিতে পারছে না। আপাতত তিন পায়ে ভর করেই তাকে চলাফেরা করতে হবে। ক্ষতস্থানের সংক্রমণ ও প্রদাহ কমাতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতিটি আগের মতো সুস্থ হতে পারবে কি না, জানতে চাইলে মো. মোস্তাফিজ বলেন, শরীরের ভেতরে গুলি রয়ে যাওয়ায় হাতিটি পুরোপুরি সুস্থ হবে না বলে আশঙ্কা রয়েছে।

তবে চিকিৎসার মাধ্যমে সংক্রমণ ও প্রদাহ নিয়ন্ত্রণে এলে সে মোটামুটি চলাফেরা করতে পারবে বলে আশা করা হচ্ছে।নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই চিকিৎসক বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে তিনি এ পর্যন্ত প্রায় ১২ থেকে ১৪টি হাতিকে ট্রাঙ্কুলাইজ করেছেন।

তাঁর অভিজ্ঞতায়, পুরুষ হাতি নিজেদের বিচরণক্ষেত্র ও আধিপত্য বজায় রাখতে তুলনামূলক বেশি আক্রমণাত্মক আচরণ করে। এ কারণে অনেক সময় পুরুষ হাতি বেশি আঘাতের শিকার হয়।হাতিটিকে কারা গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ বলেন, গত তিন দিন ধরে বন বিভাগের কর্মী, চিকিৎসক দল ও ওয়াইল্ডলাইফ রেসকিউ দলের সদস্যরা হাতিটিকে শনাক্ত, উদ্ধার ও চিকিৎসা দিতে কাজ করেছেন।

তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। পরে হাতিটিকে নিরাপদ আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, পুরো অভিযানকে সফল হিসেবে দেখছে বন বিভাগ। অভিযানে অংশ নেওয়া সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।আটটি গুলির আঘাত নিয়েও বেঁচে ফিরেছে হাতিটি।

তবে পায়ের জয়েন্টে রয়ে যাওয়া গুলি তাকে কতটা স্বাভাবিক জীবনে ফিরতে দেবে, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। তাই চিকিৎসার পাশাপাশি হাতিটির সুস্থতা পর্যবেক্ষণই এখন বন বিভাগের পরবর্তী দায়িত্ব।

সর্বশেষ - জেলার খবর