অপরাধচিত্র প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে চাঁদা না পেয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার দুজনকে সাত দিনে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
এই দুই আসামি হলেন মো. তানিম রেজা ওরফে বাপ্পী (৪৬) ও মো. রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।
১৮ জুলাই শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জামশেদ আলমের আদালত রিমান্ডের আদেশ দেন বলে সিএমএম আদালতে প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান জানিয়েছেন।
দুই আসামিকে আদালতে হাজির করে এই মামলার তদন্ত কর্মকর্তা, মতিঝিল থানার এসআই মোমিনুর রহমান আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ডই মঞ্জুর করে আদেশ দেন।
রিমান্ডে আবেদন থেকে জানা যায়, মামলার বাদী মো. ইসমাইল হোসেন মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৯ মে তাঁকে হোয়াটসঅ্যাপে কল করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে এবং দাবিমতো হাটে অংশীদার না করলে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন ২০ মে তিনি বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ১৯ মে ভোরে দক্ষিণ কমলাপুরে বাদীর প্রতিষ্ঠান ‘এআই কার্গো সার্ভিস’-এর তালা কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। একই দিন সকাল সাড়ে ছয়টার দিকে প্রতিষ্ঠানটি লক্ষ্য করে চারটি গুলি ছোড়া হয়। এ ঘটনায় জানালার কাচসহ বিভিন্ন আসবাব ক্ষতিগ্রস্ত হয়।
রিমান্ড আবেদনে পুলিশ জানায়, তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিলকুশার হোটেল পূর্বাণীর সামনে থেকে তানিম রেজাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কমলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাকিবুল ইসলাম ভূঁইয়াকে।
দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ইস্টার্ন কমলাপুর হাউজিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, একটি ইলেকট্রিক শক গান ও একটি কুড়াল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী, পলাতক সহযোগী, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং চাঁদাবাজি চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এদিকে তানিম রেজা ও রাকিবুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মতিঝিল থানায় আরেকটি মামলা করেছে পুলিশ। থানার এসআই মোমিনুর রহমান বাদী হয়ে এই মামলা করেন বলে জানিয়েছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার।


















