বাংলাদেশ পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে। একই সঙ্গে পূর্বে জারি করা এক কর্মকর্তার বদলির আদেশও বাতিল করা হয়েছে ।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শরিফ উদ্দিন আহমেদ, বিপিএম (সেবা), পিপিএম (সেবা)-কে একই পদমর্যাদায় র্যাবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. কফিল উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এ ছাড়া পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে বিশেষ পুলিশ সুপার হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এ পদায়ন করা হয়েছে। অন্যদিকে, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের আরও ছয়জন কর্মকর্তার বদলি-পদায়নের কথা জানানো হয়। এতে অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ, বিপিএম (সেবা), পিপিএম (বার)-কে পুলিশ স্টাফ কলেজ, ঢাকা থেকে বদলি করে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার)-কে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া পুলিশ অধিদপ্তরের (টিআর পদ) পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, পিপিএম (বার)-কে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)-কে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফি, পিপিএম (সেবা)-কে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে দুই মহানগর ও দুই রেঞ্জের ডিআইজিকে নতুন কর্মস্থলে পদায়নের ঘোষণা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে ডিআইজি হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এ পদায়ন করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া গত ২৮ জুন জারি করা একটি পৃথক প্রজ্ঞাপনের ক্রমিক-৬ অনুযায়ী ডিআইজি (সিআইডি) মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
















