এহসান উল্লাহ, টেকনাফ থেকে : কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলেসহ টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে ঘাটে ফেরার পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে।
এ সময় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, গভীর সমুদ্রে টহলরত জাহাজ বিসিজিএস ‘সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযান পরিচালনা করে সেন্টমার্টিন দ্বীপের প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটির সন্ধান পায়। পরে বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পরে ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে জেলেদের জরুরি নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।


















