কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. শাহীন (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহীন রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকার প্রবাসী নুরুল আমিনের ছেলে। সে স্থানীয় মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সিকদারপাড়া এলাকার বাদামতলী মাঠে কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলছিল শাহীন। খেলা শেষে শাহীনসহ তিন বন্ধু পাশের বাঁকখালী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের মধ্যে পড়ে শাহীন পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা নদীতে নেমে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে স্থানীয় স্টেশনে ডুবুরি না থাকায় চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ডুবুরি দল আনা হয়। পরে বৃহস্পতিবার সকালে নদী থেকে শাহীনের মরদেহ উদ্ধার করা হয়।
রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে শাহীনের মরদেহ উদ্ধার করে।
রামু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুল কাদের চৌধুরী জানান, নিখোঁজের খবর পাওয়ার পর রামু ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ডুবুরি না থাকায় চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ডুবুরি দল আনা হয়। তাদের অভিযানে বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়।

















