এহসান উল্লাহ, টেকনাফ থেকে: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৭ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশন কোস্ট গার্ডের সদস্যরা দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল এবং আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৭ জন জেলেকেও আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।


















