স্টাফ রিপোর্টার,কক্সবাজার: কক্সবাজারে বিপুল আইফোন-ল্যাপটপসহ চীনের ৬ নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, কক্সবাজার শহরের হোটেল সি প্যালেসে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন এবং ৩০ থেকে ৪০টির মতো ল্যাপটপ পাওয়া গেছে। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে। অহিদুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের ধরন অনলাইন প্রতারণা এবং সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত। তবে মামলার নম্বর, আসামিদের নাম ও সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। বিস্তারিত জানতে তিনি রামু থানায় যোগাযোগ করতে বলেন। তবে রামু থানার ওসি মুহাম্মদ আনোয়ারুল হোসাইনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ওসির সঙ্গে যোগাযোগ করতে বলেন। এদিকে নাম না প্রকাশের শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, কক্সবাজারে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন আরও অনেক বিদেশি নাগরিক। তার দাবি, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে অভিযোগ আছে। তাদের আটক করতে অভিযান চলমান রয়েছে।
তবে এত বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের সংশ্লিষ্টতা কিংবা তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।হোটেল সী-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ২৬ অগাস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাঁদের কয়েকজনকে আটক করা হয়। তবে তারা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন কিংবা হোটেলে অবস্থান করে কী ধরনের কর্মকাণ্ড চালাচ্ছিলেন, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

















