অপরাধচিত্র রিপোর্ট: পটুয়াখালীর সামগ্রিক উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে রাজনৈতিক নেতৃত্ব ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে স্থানীয় সংসদ সদস্যদের সাথে মতবিনিময়ে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর (ভিপি নুর) এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংসদ সদস্য নুরুল হক নুর ও ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় পটুয়াখালীর উন্নয়ন, দক্ষিণাঞ্চলের সম্ভাবনা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন-চাহিদাগুলোকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, পায়রা সমুদ্রবন্দরকে কার্যকর ও পূর্ণ সক্ষমতায় সচল করা, পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা এবং দেশের অন্যতম বৃহৎ পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বিমানবন্দর স্থাপন আলোচনায় গুরুত্ব পায়।
এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি পটুয়াখালী ও দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, পটুয়াখালী জেলায় সমুদ্রবন্দর, পর্যটন, কৃষি, মৎস্য ও যোগাযোগব্যবস্থার কারণে এ অঞ্চলের রয়েছে ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা। পরিকল্পিত উন্নয়ন ও কার্যকর যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে পটুয়াখালী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া জেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে রাজনীতিক ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পটুয়াখালীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।

মতবিনিময় সভায় পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, সাধারণ সম্পাদক এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আর টিভির যুগ্ম বার্তা সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল, অর্থ সম্পাদক দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব), প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন। আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য ও একুশে টেলিভিশনের রিপোর্টার মো. আরিফুল ইসলাম, দৈনিক এ দিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিন বার্তার রিপোর্টার রিপন হাওলাদার এবং অপরাধচিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন।

















