জাফর আলম,কক্সবাজার ব্যুরো:
কক্সবাজার লিংকরোডে যাত্রীবাহী বাস থেকে ২৬ কেজি গাঁজাসহ রোহিঙ্গা দুই মাদক কারবারীকে আটক করেছে এসআরবি। শনিবার (৩ অক্টোবর) বিকালে এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হল- কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. এবাইদুল্লা’র ছেলে মো. আইয়াজ(২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত শামছুল আলমের স্ত্রী হাসিনা বেগম(৫৫)। আ. ম. ফারুক বলেন, শুক্রবার মধ্যরাতে কুমিল্লা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস যোগে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় এসআরবি। পরে এসআরবি’র একটি দল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় অস্থায়ী চৌকি স্থাপন করে যানবাহনে তল্লাশী কার্যক্রম জোরদার করে। এক পর্যায়ে ভোররাত ৩ টার দিকে সৌদি পরিবহন সার্ভিসের সন্দেহজনক একটি বাস সেখানে পৌঁছালে থামানো হয়। পরে বাসটিতে পাশাপাশি আসনে বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশী চালানো হয়। এসময় ব্যাগটির ভিতরে বিশেষ কৌশলে রাখা অবস্থায় পাওয়া যায় ২৬ কেজি গাঁজা। এতে আটক করা হয় নারী সহ রোহিঙ্গা মাদক কারবারীকে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান, এসআরবি এর এ গণমাধ্যম কর্মকর্তা।
















