এহসান উল্লাহ আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব টেকনাফ থেকে:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছারকে বদলি করা হয়েছে। গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) জারি করা এক বদলি আদেশে তাঁকে চট্টগ্রাম জেলার দোহাজারী হাইওয়ে থানায় পদায়ন করা হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ‘অপরাধচিত্র’-এর মাল্টিমিডিয়াতে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ওসি নুরুল আবছারের বিরুদ্ধে সড়কে গাড়ি থামিয়ে টাকা নেওয়ার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায় কক্সবাজার-টেকনাফ সড়কে পণ্যবাহী ট্রাক, ডাম্প ট্রাক, সিএনজি, মাইক্রোবাস ও টমটম অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে টাকা নেওয়া হয়। বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ তুলে মামলা দেওয়ার ভয় দেখিয়ে চালক ও মালিকদের কাছ থেকে টাকা দাবি করার অভিযোগও ওঠে ওসি নুরুল আবছারের বিরুদ্ধে
এ ছাড়া গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও টাকা না দিলে বিভিন্ন অজুহাতে চালক ও মালিকদের হয়রানি এবং নিয়মিত মাসোহারা দাবির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ ঘিরে স্থানীয় পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ওসি নুরুল আবছারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, নুরুল আবছারের বদলির পর হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন এসআই মো. সজিব।
উল্লেখ্য, চাঁদা নেওয়ার অভিযোগসংক্রান্ত ভিডিও প্রকাশের পর ওসির বদলির ঘটনা ঘটলেও, ভিডিও প্রকাশের সঙ্গে বদলির সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

















