সাতক্ষীরা থেকে আবদুল্লাহ আল মামুন: চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ৩৮ বছর বয়সী এক গৃহবধূ। এ ঘটনায় হাসপাতালের প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
ভুক্তভোগীর অভিযোগ, সোমবার সকালে চিকিৎসকের পরামর্শ নিতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান তিনি। চিকিৎসক তাঁকে কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরে আল্ট্রাসনোগ্রাম ও প্রস্রাব পরীক্ষা করাতে হাসপাতালের দ্বিতীয় তলার সংশ্লিষ্ট বিভাগে গেলে সেদিন পরীক্ষা করা সম্ভব নয় বলে জানানো হয়।
এ সময় অভিযুক্ত মাহমুদুল হাসান পরীক্ষা করানোর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে প্রস্রাবের নমুনা সংগ্রহ করে আনতে বলেন। পরে নমুনা সংগ্রহ করে দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে প্যাথলজি বিভাগের একটি কক্ষে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তি কক্ষের দরজা বন্ধ করে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর ওই নারী কক্ষ থেকে বের হয়ে বাড়িতে গিয়ে স্বামীকে বিষয়টি জানান। পরে স্বামী ও স্বজনদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা ও গ্রেপ্তার
সাতক্ষীরা সদর থানার মামলা নম্বর- ৪৮ (১১) ২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
মামলা দায়েরের পরপরই মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে এ বিষয়ে ভুক্তভোগীর স্বামীর সঙ্গে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর স্ত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য পুলিশ নিয়ে গেছে। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
হাসপাতালের মতো সংবেদনশীল চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে একজন রোগীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। চিকিৎসাসেবা নিতে আসা একজন নারীকে ঘিরে এমন গুরুতর অভিযোগ ওঠায় হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা, রোগীদের সুরক্ষা এবং সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালনের বিষয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।


















