Sunday , 26 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
July 26, 2026 8:23 pm

রাজবাড়ী প্রতিনিধি:

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া মোসা. লাইজু (৩৯) নামে এক নারীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। সাড়ে তিন ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করা হয়।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, কচুরিপানা আঁকড়ে ধরে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে ভেসে যান তিনি। ফরিদপুরের কবিরপুর চর এলাকায় ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করা হয়।

পরে তাকে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেনের তত্ত্বাবধানে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌপুলিশ। আজ রোববার তাঁকে পরিবারের কাছে দেওয়া হয়।

এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ‘কুমিল্লা’ ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দেন লাইজু। তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশ্রাফাবাদ ঝাউচরের বাসিন্দা ফোরকান মিয়ার স্ত্রী।

কুমিল্লা ফেরির মাস্টার আব্দুস সাত্তার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝনদীতে একটি লাল বয়া অতিক্রম করার পর ফেরির এক কর্মী তাকে জানান, মোবাইলে কথা বলার পর এক নারী যাত্রী নদীতে লাফ দিয়েছেন।

তিনি বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফেরি থামিয়ে সার্চলাইটের সাহায্যে খোঁজাখুঁজি করা হলেও তাকে তখন পাওয়া যায়নি। ওই নারী ফেরিতে একাই ভ্রমণ করছিলেন।

 

সর্বশেষ - রাজনীতি