সাভার(ঢাকা) প্রতিনিধি :
সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। তবে ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে। ধর্মীয় মূল্যবোধ কোনো একক ধর্মের বিষয় নয়; সব ধর্মের মূল শিক্ষা শান্তি, সততা, অন্যের সম্পদ দখল না করা এবং সৎ পথে চলা।
আজ শনিবার (১০ অক্টোবর) সাভার পৌর এলাকার পঞ্চবটী মন্দিরে মহালয়া উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
এসময় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতিটি মন্দিরের নিজস্ব পূজা উদযাপন কমিটির পাশাপাশি আইনশৃঙ্খলা ও পারিপার্শ্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির পক্ষ থেকেও বিশেষ কমিটি থাকবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে কোনো ধরনের আতঙ্ক ছাড়াই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে থাকবেন।
এ বছর সারা দেশে গত বছরের তুলনায় প্রায় তিন হাজার পূজা বেড়েছে উল্লেখ করে তিনি বিএনপির নেতাকর্মীদের আগে থেকেই সতর্ক থাকার নির্দেশ দেন। পূজা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের সতর্ক করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সমাজে কিছু কট্টর সাম্প্রদায়িক মানুষ রয়েছে, যারা সামান্য অর্থের বিনিময়ে বড় ধরনের অঘটন ঘটাতে পারে। পূজা শেষ না হওয়া পর্যন্ত শক্ত হাতে সবকিছুর নজরদারি করতে হবে। তা না হলে জাতিগতভাবে আমরা অপমানিত হতে পারি।
অতীতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রসঙ্গ তুলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নাসিরনগর, সুনামগঞ্জসহ অন্তত ১০০টি স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রমাণ রয়েছে। জরিপ করলে দেখা যাবে, সংখ্যালঘু সম্প্রদায়ের ৯০ শতাংশ জমি আওয়ামী লীগের লোকজন দখল করেছে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ গুটিকয়েক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা বলছে, শেখ হাসিনা দেশে ফিরবেন। কিন্তু ফেরার কোনো দিন-তারিখ নেই। তিনি বলেন, ‘যদি আসতেই হয়, তাহলে দেশ ছেড়ে পালালেন কেন? একবার যখন চলে গেছেন, মানুষ জানে আপনি আর ফিরবেন না।’
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নাজমুল হাসান অভিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সাভার পৌরসভায় অবস্থিত প্রায় অর্ধশতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়।


















