নুরুল আমিন, সীমান্ত প্রতিনিধি (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অপহৃত ১৫ বছর বয়সী জসিম নামের এক কিশোরকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে কিশোর সৈয়দ আহম্মদের ছেলে মোঃ জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় নিখোঁজ হয় জসিম। পরে ২৭ সেপ্টেম্বর অজ্ঞাতনামা একটি মুঠোফোন নম্বর থেকে তাঁর বাবা সৈয়দ আহম্মদের ইমোতে ফোন করে জসিমকে মুক্তি দেওয়ার বিনিময়ে তিন লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে জসিমকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর কিশোরকে উদ্ধারের অভিযান শুরু করে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল।
এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজংপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত জসিমকে উদ্ধার এবং অপহরণকারী জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার জামাল হোসেন টেকনাফের হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে। পরে তাঁকে এবং উদ্ধার হওয়া কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছে এসআরবি-১৫।


















