জাফর আলম, কক্সবাজার ব্যুরো:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কক্সবাজাছবিরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। মামলার যুক্তিতর্ক শুনানি শেষে পাঁচ আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অস্তিত্বহীন চিংড়িঘেরের ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে সরকারি ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
কারাগারে পাঠানো অন্য চার আসামি হলেন—আনোয়ারুল ইসলাম, আবুল কাশেম মজুমদার, বশির আহম্মদ ও নুর মোহাম্মদ। আদালত আগামী ৩০ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
যেভাবে আত্মসাতের অভিযোগ ওঠে
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মো. রুহুল আমিন কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য মহেশখালী উপজেলায় ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়।
২০১৪ সালের নভেম্বর মাসে অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ বাবদ ২৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়। অভিযোগ রয়েছে, ওই সময় ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘেরের তথ্য দেখিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল।
এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামে ইস্যু করা ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন করা হয় বলে দুদকের তদন্তে উঠে আসে। বাকি ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের জন্য আরও পাঁচটি চেক ইস্যু করা হয়েছিল বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
২৮ জনের বিরুদ্ধে অভিযোগ, দুদকের তদন্তে আসামি ৩৬ জন
এ ঘটনায় মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী ২০১৪ সালের ২০ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ করেন।
পরে আদালতের নির্দেশে দুদক অভিযোগটি তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ৩ এপ্রিল সাবেক জেলা প্রশাসক রুহুল আমিনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে সরকারি ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ভুয়া চেকের মাধ্যমে পরস্পর যোগসাজশে উত্তোলনের অভিযোগ আনা হয়।
পরবর্তী সময়ে সাবেক জেলা প্রশাসকসহ কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরে তাঁরা জামিনে মুক্তি পান। ২০১৯ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে পৌঁছেছে। আগামী ৩০ নভেম্বর আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

















