Friday , 7 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

এক কোটি ২৯ লাখ টাকার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 7, 2026 9:51 pm

অপরাধচিত্র ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাসের তেলের ট্যাংকের সঙ্গে তৈরি গোপন চেম্বারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা সদর থানার আদমপাড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে মো. রবিউল ইসলাম ওরফে রবি (৪০), নেহালপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে গাড়িচালক মো. আলাউদ্দিন শেখ (২৮) এবং জিন্নাহপাড়া এলাকার মৃত আনসার আলী সিকদারের ছেলে মো. মোশারফ শিকদার জাম্বু (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মহাসড়কের ঢাকামুখী অংশে বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

পরে চেকপোস্টের দিকে আসা কালো রঙের এক্স নোহা স্কয়ার হাইব্রিড মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির চালক ও যাত্রীবেশে থাকা তিনজনকে আটক করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির পেছনের সিটের নিচে প্লেনশিট দিয়ে ঢেকে রাখা তেলের ট্যাংকের সঙ্গে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বারের সন্ধান পায় পুলিশ।
সেখান থেকে স্কচটেপে মোড়ানো ছয়টি বান্ডেল ও লাল ক্রসটেপে মোড়ানো ১৪টি বান্ডেল থেকে মোট ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ২০০ গ্রাম ভাঙা ইয়াবা বা ইয়াবার গুঁড়াও উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, মাদক পরিবহনের জন্য মাইক্রোবাসটি খুলনার রূপসা ব্রিজ এলাকা থেকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় নেওয়া হয়। সেখানে পলাতক শাহাবুদ্দিন গাড়িটি আলাউদ্দিন শেখের কাছ থেকে বুঝে নেন।

পরে শাহাবুদ্দিন ও রবিউল মিলে গাড়ির তেলের ট্যাংকের সঙ্গে বিশেষ কায়দায় গোপন চেম্বার তৈরি করে সেখানে ইয়াবাগুলো লুকিয়ে রাখেন।
পরে ইয়াবাভর্তি গাড়িটি গ্রেপ্তার তিন ব্যক্তির কাছে বুঝিয়ে দেওয়া হয়। ইয়াবাগুলো ঢাকায় অবস্থানরত রানা বেগ ও রনি নামের দুই ব্যক্তির কাছে বেশি দামে বিক্রির উদ্দেশে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি