অপরাধচিত্র ডেস্ক: এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে আনুষ্ঠানিক চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৭ অক্টোবর বুধবার রাজধানীর একটি হোটেলে ফ্রান্সভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে এ চুক্তি সই হয়।
‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ার উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সরকার, বিমান বাংলাদেশ ও এয়ারবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাসের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটির বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল।


















