টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি অটোরিকশার চালককে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়।
রবিবার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার উল আলম অভিযান ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।বিজিবির প্রাথমিক ধারণা, দেশের চলমান পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল। চক্রটি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে বলে বিজিবি সূত্র জানিয়েছেন।
উদ্ধার হওয়া আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ এবং এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানও হয়নি।
রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল আনোয়ার উল আলম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


















