অপরাধচিত্র রিপোর্ট:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আর নেই। শনিবার (১০ অক্টোবর) সকালে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।
দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দেখা দেয় শ্বাসকষ্টজনিত জটিলতাও। পরিস্থিতির অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেন রোটন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

















