অপরাধচিত্র প্রতিনিধি (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের হামলায় আহত এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। একই ঘটনায় গুরুতর আহত তাঁর বড় ভাই মো. হাসান বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
১৭ জুলাই শুক্রবার ঢাকার ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয়। তিনি রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকার বস্তা ব্যবসায়ী ফিরোজের ছেলে। সে রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলো।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মো. তারা শেখের ছেলে টিটোনের সঙ্গে আব্দুর রহমানদের বাকবিত-া হয়। একপর্যায়ে টিটোন ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহমান ও তাঁর বড় ভাই হাসানের ওপর হামলা চালান। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে আব্দুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার একপর্যায়ে তাঁর একটি হাত কেটে ফেলতে হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
অন্যদিকে গুরুতর আহত হাসান এখনো শজিমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
এ ঘটনায় অভিযুক্ত টিটোন ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নিহতের মরদেহ নিজ এলাকায় আনার পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















